নোয়াখালী শিশু পরিবারে ছাত্রীকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী শিশু পরিবারের চতুর্থ শ্রেণির ছাত্রী আসমা আক্তারকে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। গতকাল বৃহস্পতিবার লক্ষ্মীপুর শহরের একটি পত্রিকা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ওই ছাত্রীর মা সেলিনা আক্তার এ অভিযোগ করেন।
আসমা আক্তার লক্ষ্মীপুর পৌরসভার সাহাপুর গ্রামের মৃত বাহার উদ্দিনের মেয়ে।
সংবাদ সম্মেলনে সেলিনা বেগম বলেন, চার বছর আগে আসমাকে পড়ালেখার জন্য নোয়াখালী শিশু পরিবারে ভর্তি করা হয়। সে চতুর্থ শ্রেণিতে লেখাপড়া করত। গত বৃহস্পতিবার রাতে শিশু পরিবারের সুপার শিল্পী ভৌমিক, নৈশপ্রহরীসহ অন্যরা আসমাকে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে হত্যা করেন। শুক্রবার সকালে শিল্পী ভৌমিক মুঠোফোনে জানান, আসমা অসুস্থ। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে তাঁরা শিশু পরিবারে গেলে জানানো হয়, আসমা আত্মহত্যা করেছে। তিনি বলেন, আসমার লাশ গ্রামের বাড়িতে আনার পর গায়ে আঘাতের একাধিক চিহ্ন দেখা গেছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করেন।
নোয়াখালী শিশু পরিবারের সুপার শিল্পী ভৌমিক বলেন, আসমা বেগম গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। তাকে কোনো নির্যাতন করা হয়নি।