নোয়াখালী সরকারি কলেজ ভাঙচুর, ককটেল বিস্ফোরণ
নোয়াখালী সরকারি কলেজে ভাঙচুর চালিয়েছেন ছাত্রদলের কর্মীরা। এ সময় তাঁরা একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন এবং কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ক্যাম্পাসে আতঙ্ক সৃষ্টি করেন। গতকাল বুধবার সকাল আটটার দিকে এসব ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল আটটার দিকে ছাত্রদলের কলেজ শাখার সভাপতি আজর উদ্দিন ওরফে দুখুর নেতৃত্বে ধর্মঘটের পক্ষে মিছিল বের হয়। মিছিল থেকে কলেজের সব কটি একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেওয়া হয় এবং চার-পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
তবে বিক্ষোভ ও ভাঙচুরকালে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থী কিংবা কলেজ প্রশাসনের কেউ উপস্থিত ছিলেন না। খবর পেয়ে সুধারাম থানার পুলিশ ঘটনাস্থলে গেলে ছাত্রদলের কর্মীরা পালিয়ে যান।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ঘটনার পর পুলিশ কলেজ ক্যাম্পাসে গেলে ছাত্রদলের কর্মীরা সেখান থেকে সরে যান। এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষ গতকাল সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দেননি।