নোয়াখালীতে অভিভাবকদের সড়ক অবরোধ, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লটারির পরিবর্তে ভর্তি পরীক্ষার মাধ্যমে প্রথম শ্রেণিতে ভর্তির দাবিতে নোয়াখালী প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) সুপারিনটেনডেন্টের কার্যালয়ে ভাঙচুর চালিয়েছেন ক্ষুব্ধ অভিভাবকেরা। গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
এর আগে অভিভাবকেরা বেলা সোয়া ১১টা থেকে পৌনে ১২টা পর্যন্ত পিটিআইয়ের সামনে চৌমুহনী-মাইজদী সড়ক অবরোধ করেন। পুলিশ এসে অভিভাবকদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) নিজাম উদ্দিন বলেন, সড়ক অবরোধ করার কিছুক্ষণ পরই পুলিশ গিয়ে অভিভাবকদের সরিয়ে দেয়। অভিভাবকেরা পিটিআইয়ের ভেতরে গিয়ে ভাঙচুর করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ জানায়নি পিটিআই কর্তৃপক্ষ।
পিটিআই পরিচালিত পরীক্ষণ বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে লিখিত ভর্তি পরীক্ষার পরিবর্তে উন্মুক্ত লটারির সিদ্ধান্ত নেওয়া হয়। এতে অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন।
রোমানা আক্তারসহ একাধিক অভিভাবক অভিযোগ করেন, সন্তানদের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ করাতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। কিন্তু ২৩ ডিসেম্বর প্রতিষ্ঠানের সুপারিনটেনডেন্ট আকস্মিকভাবে ভর্তি পরীক্ষার পরিবর্তে লটারির বিজ্ঞপ্তি দিয়েছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট আমিনুল ইসলাম বলেন, অভিভাবকদের দাবির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।