নোয়াখালী সদর ও সোনাইমুড়ী উপজেলার পৃথক অভিযান চালিয়ে চার ব্যক্তিকে গ্রেপ্তার এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাতে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচটি এলজি, পাঁচটি এলজির কার্তুজ, চারটি পিস্তলের গুলি, আটটি চাপাতি, দুটি ছোরা ও ছয়টি মুঠোফোন সেট উদ্ধার করা হয়।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম জানান, বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে আমিশাপাড়া ইউনিয়নের পদিপাড়া গ্রামে অভিযান চালিয়ে দেলোয়ার হোসেন (২৮) ও তাজুল ইসলাম ওরফে মোহনকে (২২) গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছে থেকে আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে সদর উপজেলার পূর্ব মাইজচরা সুজামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে একটি এলজি, দুটি কার্তুজ ও একটি চাপাতিসহ জাহাঙ্গীর আলম (২০) ও মো. রাসেলকে (৩০) গ্রেপ্তার করা হয়।