নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর গ্রামে গত মঙ্গলবার দিবাগত রাতে ডাকাতির প্রস্তুতির সময় আগ্নেয়াস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আলাইয়াপুর ইউনিয়নের কোয়ারিয়া গ্রামের মিন্টু মিয়া ওরফে বতু (২৭) ও ছয়আনী ইউনিয়নের ধুপতি গ্রামের আবদুর রহমান (২৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে আলাইয়াপুর গ্রামের ব্যাপারীবাড়ির দরজায় আলাইয়াপুর-বাংলাবাজার সড়কে গাছ ফেলে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে। জবাবে পুলিশও একটি গুলি ছোড়ে। এরপর পুলিশ ধাওয়া করে দুই ডাকাতকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছে থেকে একটি দেশীয় বন্দুক, দুটি ছোরা ও একটি কার্তুজ উদ্ধার করা হয়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইনুল হক প্রথম আলোকে বলেন, মিন্টু ও আবদুর রহমানের বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা আছে। গতকালের অস্ত্র উদ্ধার ও ডাকাতির প্রস্তুতির ঘটনায় আরও দুটি মামলা করা হয়েছে।