নোয়াখালীতে ইউপি কার্যালয়ে হামলা গুলিবিদ্ধসহ আহত ৪
নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে গতকাল শনিবার হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ইউপি চেয়ারম্যানের ছোট ভাই মো. আলাউদ্দিন (৩৫) গুলিবিদ্ধসহ চারজন আহত হন।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল দুপুর সোয়া ১২টার দিকে ছয়টি মোটরসাইকেলযোগে ১৩-১৪ জন অস্ত্রধারী দুর্বৃত্ত দুম্বা পাটোয়ারীরহাটে ইউপি কার্যালয়ে হামলা চালায়। তারা এ সময় কয়েকটি ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে।
একপর্যায়ে অস্ত্রধারী এক সন্ত্রাসী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান স্বপনের দিকে অস্ত্র তাক করলে তিনি দ্রুত একটি কক্ষে গিয়ে আশ্রয় নেন। এ সময় দুর্বৃত্তরা ওই কক্ষের দরজা ভাঙার চেষ্টা করে। ওই সময় স্থানীয় বাসিন্দা আলী আক্কাছ, বেলাল হোসেন ও মো. ইউসুফ চেয়ারম্যানকে রক্ষা করতে গেলে দুর্বৃত্তরা তাঁদের মারধর করে।
ইউপি সদস্য মজিবুল হক বলেন, চেয়ারম্যানের ওপর হামলার খবর শুনে তাঁর ছোট ভাই ব্যবসায়ী আলাউদ্দিন ইউপি কার্যালয়ের দিকে ছুটে যান। এ সময় দুর্বৃত্তরা তাঁকে এলোপাতাড়ি কোপায় ও ডান পায়ে গুলি করে।
আহত আলাউদ্দিনকে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ছাড়া আলী আক্কাছ, বেলাল হোসেন ও মো. ইউসুফ স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
চেয়ারম্যান শাহজাহান স্বপন বলেন, একই এলাকার চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী সুনাম, ইসমাইল ও জামালসহ একদল সন্ত্রাসী এ হামলার সঙ্গে জড়িত। তিনি বলেন, এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সম্প্রতি তিনি এসব সন্ত্রাসীর বিরুদ্ধে ইউপি সদস্যদের সক্রিয় হতে উদ্বুদ্ধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে তাঁকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চেয়ারম্যান লিখিত অভিযোগ দিলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।