নোয়াখালীতে কিশোরের লাশ উদ্ধার
নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটাইয়া ইউনিয়নের কলিমুদ্দিপোল এলাকায় কবিরহাট-বসুরহাট সড়ক থেকে গতকাল শনিবার অজ্ঞাতনামা এক কিশোরের লাশ (১৫) উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে কবিরহাট-বসুরহাট সড়কের কলিমুদ্দিপোল এলাকায় রাস্তার ওপর এক কিশোরের লাশ পড়ে থাকতে দেখা যায়। এরপর স্থানীয়রা বিষয়টি থানায় জানান। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয় সূত্র জানায়, নিহত ওই কিশোর মানসিক প্রতিবন্ধী। তাকে বিভিন্ন সময় ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাহবুবুল আলম প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় গাড়ি চাপা পড়ে সে মারা গেছে। তবে স্থানীয় কেউ তার পরিচয় নিশ্চিত করতে পারেননি। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।