নোয়াখালীতে গুলি করে ও কুপিয়ে ১৪ লাখ টাকা লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে দিনদুপুরে গুলি করে ও কুপিয়ে দুই বিকাশ কর্মীর কাছ থেকে ১৪ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দুপুর সোয়া ১২টার দিকে সদর উপজেলার ধর্মপুর গ্রামের থানারহাট সড়কে এ ঘটনা ঘটে।
দুই বিকাশ কর্মী হলেন রুহুল আমিন ওরফে লিটন ও সালাউদ্দিন ওরফে আসিফ। এর মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন রুহুল এবং ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন সালাউদ্দিন। দুজনই বিকাশের পরিবেশকের বিক্রয় প্রতিনিধি।
নোয়াখালীতে বিকাশের পরিবেশক এ এস কমিউনিকেশনের হিসাবরক্ষক দীপঙ্কর বৈষ্ণব প্রথম আলোকে জানান, রুহুল আমিন ও সালাউদ্দিন সকালে বিভিন্ন এলাকার এজেন্টদের নগদ পরিশোধের জন্য ১৪ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলযোগে সুবর্ণচর উপজেলায় যাচ্ছিলেন। দুপুর সোয়া ১২টার দিকে তাঁরা সদর উপজেলার ধর্মপুর গ্রামের থানারহাট সড়কের সুমনের দোকানে যাওয়ামাত্র চারটি মোটরসাইকেলে করে আসা কয়েকজন দুর্বৃত্ত অতর্কিতে তাঁদের ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা দুজনকে লক্ষ্য করে প্রথমে গুলি করে। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ১৪ লাখ টাকাসহ ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
ছিনতাইয়ের বিষয়ে জানতে চাইলে সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন প্রথম আলোকে জানান, পুলিশের একাধিক দল ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে।