নোয়াখালীতে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু
নোয়াখালীতে গত বুধবার সাবিনা ইয়াসমিন ওরফে শিল্পী (২১) নামের এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ওই গৃহবধূর বাবার বাড়ির লোকজনের অভিযোগ, স্বামীর নির্যাতনে তাঁর মৃত্যু হয়েছে।
সাবিনা ইয়াসমিন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ভববদি গ্রামের মো. মাকছুদের স্ত্রী। সাবিনার বাবার বাড়ি উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের আমানতপুর গ্রামে।
ঘটনার পর থেকে সাবিনার স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন আত্মগোপনে।
সাবিনার বড় ভাই মো. সবুজ প্রথম আলোকে বলেন, যৌতুকের জন্য প্রায়ই সাবিনাকে মারধর করতেন তাঁর স্বামী। সম্প্রতি মাকছুদ বিদেশ যাওয়ার জন্য তিন লাখ টাকা দাবি করেন।
সবুজের অভিযোগ, গত বুধবার সন্ধ্যায় মাকছুদের মারধরে তাঁর বোনের মৃত্যু হয়। মৃত্যুর পর তাঁদের বাড়িতে ফোন করে জানানো হয়, সাবিনা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ফরিদ উদ্দিন চৌধুরী জানান, বুধবার সন্ধ্যায় সাবিনা নামের এক নারীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন কয়েক ব্যক্তি। চিকিৎসক মৃত ঘোষণার পর তাঁরা লাশটি নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যান। কিছুক্ষণ পর তাঁরা আবার এসে লাশটি হাসপাতালে রেখে চলে যান।
মাকছুদ আত্মগোপনে থাকায় অভিযোগ সম্পর্কে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) লিটন দত্ত। তিনি বলেন, সাবিনার গলার নিচে ও মুখের বাঁ পাশে কালো ফোলা দাগ দেখা গেছে।
বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শওকত হোসেন বলেন, ঘটনার বিষয়ে সাবিনার বাবার বাড়ির লোকজনকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।