নোয়াখালীতে গৃহবধূর লাশ উদ্ধার
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর ক্লার্ক ইউনিয়নের দক্ষিণ চর ক্লার্ক গ্রামের একটি বাড়ি থেকে নাজমা বেগম (৩৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সুবর্ণচরের চর জব্বার থানার পুলিশ লাশটি উদ্ধার করে।
নাজমা বেগম ওই গ্রামের ফিরোজ আহম্মদের স্ত্রী। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর থেকে ভোর পর্যন্ত কোনো এক সময় এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনার সময় নাজমার স্বামী বাড়িতে ছিলেন না বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে স্ত্রীকে ঘরে একা রেখে ফিরোজ বাড়ি থেকে বেরিয়ে যান। রাতে তিনি আর ফিরে আসেননি। গতকাল সকালে প্রতিবেশী এক নারী নাজমাকে ডাকাডাকি করলেও তিনি সাড়া দিচ্ছিলেন না। একপর্যায়ে ওই নারী ধাক্কা দিয়ে ঘরের দরজা খোলেন। এ সময় ঘরের ভেতরে নাজমার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন সেখানে জড়ো হন।
পুলিশ জানায়, এলাকার লোকজনের কাছ থেকে খবর পেয়ে সকাল ১০টার দিকে চর জব্বার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত নারীর গলার বাঁ পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
চর জব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ওই গৃহবধূর স্বামীকেও সন্দেহের তালিকায় রাখা হয়েছে।