নোয়াখালীতে চাঁদার দাবিতে তিন বাড়িতে হামলা, গুলিবিদ্ধ ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ীতে চাঁদার দাবিতে তিন বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে এক যুবক। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, উপজেলার দেওটি ইউনিয়নের উত্তর দেওটি গ্রামে শনিবার রাত নয়টার দিকে চাঁদার দাবিতে সন্ত্রাসীরা দেওটি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেন, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার এনায়েত উল্লা, স্থানীয় বাসিন্দা শাহ আলমের বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা এ সময় বসতঘরে ঢুকে আসবাব তছনছ ও ভাঙচুর করে। এ সময় সন্ত্রাসীদের গুলিতে মুক্তিযোদ্ধা কমান্ডারের ছেলে নেওয়াজ শরিফ আহত হন। তাঁর হাতে গুলি লেগেছে। পুলিশ জানায়, হামলা-ভাঙচুরের ঘটনার পর গ্রামের বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে একই গ্রামের মামুন ও শাহার বাড়িতে পাল্টা হামলা চালান। এ সময় দুই পক্ষের মধ্যে কয়েক দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে রাত ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেন জানান, সন্ত্রাসীরা বেশ কিছুদিন ধরে তাঁর কাছে চাঁদা দাবি করে আসছে। তিনি চাঁদা দিতে রাজি না হওয়ায় শনিবার রাতে তাঁর বাড়িসহ পাশের আরও দুটি বাড়িতে হামলা চালায়।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হানিফুল ইসলাম জানান, পূর্ববিরোধের জের ধরে আওয়ামী লীগ নেতার বাড়িসহ তিন বাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলার শিকার এবং হামলাকারী উভয়ই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত। তবে হামলার ঘটনায় গতকাল রোববার সন্ধ্যা পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি।