নোয়াখালীতে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আলী হোসেনকে (২৭) কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে দুবৃর্ত্তরা। গত সোমবার রাতে উপজেলার আবু মাঝিরহাট উচ্চবিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। দলের অভ্যন্তরীণ বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সোমবার রাত নয়টার দিকে মাঝির বাজার থেকে আলী হোসেন আবু বাড়ি ফিরছিলেন। এ সময় একই এলাকার কয়েকজন যুবক তাঁকে ধরে আবু মাঝিরহাট উচ্চবিদ্যালয়ের মাঠে নিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করেন। আলী হোসেনের চিৎকার শুনে বাজার থেকে লোকজন গিয়ে তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। রাতে তাঁকে নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
স্থানীয় সূত্র জানায়, দলের অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন আলী হোসেনের ওপর ওই হামলা চালায়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান প্রথম আলোকে বলেন, ‘সিনিয়র-জুনিয়রের বিষয় নিয়ে নিজেদের মধ্যে ভুল-বোঝাবুঝির জেরেই ওই হামলার ঘটনা ঘটে।’ তিনি জানান, বিষয়টির মীমাংসা করে দেবেন তিনি।
কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, দলের জ্যেষ্ঠ নেতারা বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নিয়েছেন। তাই এ বিষয়ে থানায় লিখিত কোনো অভিযোগ দেওয়া হয়নি।