নোয়াখালীতে ছিনতাইকালে দুই যুবক আটক
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের বগাদিয়া গ্রামের খেবাঘাট এলাকায় ছিনতাইকালে দুই যুবককে হাতেনাতে ধরে পুলিশে দিয়েছেন স্থানীয় ব্যক্তিরা। গতকাল সোমবার সকালে তাঁদের আটক করা হয়।
আটক যুবকেরা হলেন সোনাপুর ইউনিয়নের মাহতাবপুর গ্রামের মো. রতন (২৫) ও কালিকাপুর গ্রামের মো. শামিম (২৪)। তাঁদের থানাহাজতে রাখা হয়েছে। আজ মঙ্গলবার তাঁদের আদালতে পাঠানো হবে। আটক যুবকেরা যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলে স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, গতকাল ভোর ছয়টার দিকে রংপুর থেকে আসা একদল দিনমজুর-শ্রমিক বজরা ইউনিয়নের বগাদিয়ার খেবাঘাট এলাকায় আসেন। এ সময় রতন, শামিমসহ চার ছিনতাইকারী তাঁদের অস্ত্রের ভয় দেখিয়ে সঙ্গে থাকা আট হাজার টাকা ছিনিয়ে নেন। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ধাওয়া করে রতন ও শামিমকে আটক করেন। পরে স্থানীয় ব্যক্তিরা বিষয়টি থানায় অবহিত করলে পুলিশ তাঁদের থানায় নিয়ে যায়। পুলিশ আটক দুই যুবকের কাছ থেকে ছিনতাই করা আট হাজার টাকা উদ্ধার করে শ্রমিকদের ফেরত দেয়।
জানতে চাইলে শ্রমিকদের টাকা ছিনতাইয়ের ঘটনা নিশ্চিত করেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উল ইসলাম। তিনি বলেন, শ্রমিকেরা অন্য এলাকার হওয়ায় ঘটনার বিষয়ে তাঁরা মামলা করতে রাজি হননি। তবে, আটক যুবকদের বিরুদ্ধে থানায় আগের একাধিক মামলা রয়েছে। তাঁরা সোনাপুর এলাকার চিহ্নিত সন্ত্রাসী এবং যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত।