নোয়াখালীতে জামায়াত-বিএনপির সঙ্গে আ.লীগের সংঘর্ষ, আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালের পক্ষে-বিপক্ষে মিছিল করা নিয়ে নোয়াখালীর সেনবাগের ছাতারপাইয়া বাজারে জামায়াত-বিএনপি ও আওয়ামী লীগের কর্মীদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
গতকাল বুধবার সন্ধ্যা সোয়া ছয়টা থেকে সাড়ে সাতটা পর্যন্ত সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া চলে। এ সময় বাজারের তিনটি দোকান ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে জেলা শহর থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, গতকাল সন্ধ্যার পর হরতালের পক্ষে জামায়াত-শিবিরের কর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলকারীরা বাজার প্রদক্ষিণকালে হরতালবিরোধী মিছিলের প্রস্তুতিরত আওয়ামী লীগের কর্মীদের ধাওয়া করে।
এরপর আওয়ামী লীগের কর্মীরা হরতালবিরোধী মিছিল বের করে জামায়াত-শিবির ও বিএনপির বিরুদ্ধে স্লোগান দেন। একপর্যায়ে জামায়াত-শিবির ও বিএনপির কর্মীরা এক হয়ে আওয়ামী লীগ কর্মীদের ধাওয়া করলে দুই পক্ষে সংঘর্ষ শুরু হয়। এ সময় আওয়ামী লীগের কর্মীরা বাজারের পশ্চিম পাশে এবং জামায়াত-বিএনপির কর্মীরা বাজারের পূর্ব পাশে অবস্থান নিয়ে একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল ও কাচের বোতল নিক্ষেপ করতে থাকেন।
খবর পেয়ে সন্ধ্যা পৌনে সাতটার দিকে সেনবাগ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে বেগমগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী এহছানুল কবির অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এক ঘণ্টার বেশি সময় ধরে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে একজন ছাত্রলীগের কর্মী পারভেজ (১৮) বলে পরিচয় পাওয়া গেছে।
আওয়ামী লীগের ইউনিয়ন শাখার সভাপতি নুরুল হক মজুমদার জানান, গতকাল সন্ধ্যার পর তাঁদের দলীয় কর্মীরা বাজারে হরতালবিরোধী মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় জামায়াত-শিবিরের কর্মীরা অতর্কিতে তাঁদের ওপর হামলা চালান। পরে বিএনপিও জামায়াত-শিবিরের সঙ্গে যোগ দেয়। হামলায় তাঁদের দলীয় বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।
বিএনপির ইউনিয়ন শাখার সভাপতি আবদুর রহমান জানান, গতকাল সন্ধ্যায় প্রথমে জামায়াত-শিবির হরতালের পক্ষে মিছিল বের করে। আওয়ামী লীগের কর্মীরা তাদের আখের টুকরো দিয়ে পিটুনি দেন এবং ধাওয়া করেন। পরে বাজারে আওয়ামী লীগের কর্মীরা মিছিল করে জামায়াত-বিএনপির বিরুদ্ধে উসকানিমূলক স্লোগান দেন। এ সময় বিএনপি-জামায়াতের কর্মীরা তাঁদের ধাওয়া করলে সংঘর্ষ বেধে যায়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোমিনুল ইসলাম প্রথম আলোকে জানান, হরতালের পক্ষে-বিপক্ষে মিছিল নিয়ে জামায়াত-বিএনপি ও আওয়ামী লীগের কর্মীরা সংঘর্ষে লিপ্ত হন। প্রথমে থানার পুলিশ, পরে অতিরিক্ত পুলিশ এসে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে গুলির সংখ্যা তাৎক্ষণিক জানাতে পারেননি ওসি।