নোয়াখালীতে ট্রাকে পেট্রলবোমা, চালক ও সহকারী দগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অবরোধের মধ্যে নোয়াখালীর চাটখিলে আজ শুক্রবার রাত নয়টার দিকে একটি ট্রাকে পেট্রলবোমা হামলা চালিয়েছে দুর্বৃর্ত্তরা। এতে ট্রাকের চালক নুর নবী (২৫) ও তার সহকারী মো. জাসেদ (২২) দগ্ধ হন।

চালক ও সহকারীর বাড়ি খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায়।
ঘটনার পর স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎ​সকরা তাদের নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক খালেকুজ্জামান লিঙ্কন প্রথম আলোকে বলেন, আগুনে সহকারী জাসেদের মুখমন্ডলসহ শরীরের ৩৬ ভাগ এবং চালক নুর নবীর মুখ ও হাতসহ আনুমানিক ১৮ ভাগ পুড়ে গেছে। এর মধ্যে জাসেদের কন্ঠনালিও পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্যমতে, রাত নয়টার দিকে চাটখিল থেকে খালি ট্রাক নিয়ে চালক নুর নবী ও সহকারী জাসেদ নোয়াখালীর দিকে যাওয়ার পথে চাটখিলের হালিমা দিঘি নামকস্থানে অজ্ঞাত দুর্বৃত্তরা ট্রাকটি লক্ষ্য করে পেট্রলবোমা ছুড়ে মারে। এতে ট্রাকটিতে আগুন ধরে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে যায়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিম উদ্দিন প্রথম আলোকে বলেন, পেট্রলবোমায় দগ্ধ চালক ও সহকারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।