নোয়াখালীতে ডাকাত সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর চাটখিলে ডাকাত সন্দেহে এক ব্যক্তিকে গণপিটুনিতে হত্যা করা হয়েছে। গত শুক্রবার রাত দেড়টার দিকে উপজেলার বাদলকোট ইউনিয়নের দক্ষিণ বাদলকোট গ্রামে এ ঘটনা ঘটে।
গতকাল শনিবার সকালে নিহত মো. বাবুল ওরফে বাবুল ডাকাতের লাশ উদ্ধার করে চাটখিল থানার পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত বাবুল একই উপজেলার পরকোট ইউনিয়নের পূর্ব পরকোট গ্রামের সুলতান আহমেদের ছেলে।
পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্য, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ডাকাতেরা পূর্ব বাদলকোট গ্রামের চুনি পাটোয়ারী বাড়িতে হানা দেয়। আশপাশের বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে ‘ডাকাত এসেছে, ডাকাত এসেছে’ বলে মসজিদের মাইক থেকে ঘোষণা করেন। পরে গ্রামের লোকজন চারদিক থেকে ডাকাতদের ঘেরাও করে ফেলেন। এ সময় অন্যরা পালিয়ে গেলেও বাবুল ধরা পড়ে। উত্তেজিত গ্রামবাসী তাঁকে গণপিটুনি দেন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিম উদ্দিন প্রথম আলোকে জানান, বাবুলের বিরুদ্ধে চাটখিল থানায় ডাকাতিসহ বিভিন্ন অপরাধে আটটি মামলা রয়েছে।