নোয়াখালীতে দুই পিকেটারকে দণ্ড
নোয়াখালীর চাটখিলে টহল পুলিশের গাড়িতে হামলার চেষ্টাকালে আটক দুই পিকেটারকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবরাউল হাসান মজুমদার তাঁর কার্যালয়ে আদালত বসিয়ে এ রায় দেন।
দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন উপজেলার খিলপাড়া ইউনিয়নের শংকরপুর গ্রামের সফিক উল্লার ছেলে আবু ছায়েদ (২২) ও আবুল কাশেমের ছেলে মাহফুজুর রহমান (২৩)। দুই পিকেটার স্থানীয়ভাবে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম উদ্দিন প্রথম আলোকে বলেন, বেলা একটার দিকে পুলিশের একটি টহল পিকআপ উপজেলার খিলপাড়া ইউনিয়নের শংকরপুর গ্রামে গেলে একদল পিকেটার হাতে ইট নিয়ে গতিরোধ করার চেষ্টা করে। এ সময় পুলিশ পিকআপ থেকে নেমে ধাওয়া করে দুজনকে ধরে ফেলে। পরে সন্ধ্যায় তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত সাক্ষ্যপ্রমাণ ও দোষ স্বীকারের ভিত্তিতে দুজনকে দুই মাস করে কারাদণ্ড দেন।
দুই পিকেটারকে কারাদণ্ড দেওয়ার কথা নিশ্চিত করেন ইউএনও আবরাউল হাসান মজুমদার। আদেশের পর তাঁদের চাটখিল থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।।