নোয়াখালীতে নকল ওষুধের কারখানা, চারজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জে নকল ওষুধ তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ।
গতকাল শুক্রবার বিকেলে উপজেলার বাংলাবাজার এলাকায় আমেরিকান ওয়াল নামের একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশ কারখানাটি থেকে বিপুল পরিমাণ নকল ওষুধ, ওষুধ তৈরির কাঁচামাল জব্দ করেন। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, একতলা ভবনের ওই বাড়িটি ভাড়া নিয়ে বিভিন্ন কক্ষে নকল ওষুধ তৈরি করা হতো। তবে অভিযানের সময় কারখানার মালিক সেখানে ছিলেন না। চারজন কর্মী ওষুধ তৈরির কাজ করছিলেন। তাঁরা হলেন ফেনীর ছাগলনাইয়ার মীর হোসেন, লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের সাইফুল ইসলাম, বেগমগঞ্জের জিরতলীর আনোয়ার হোসেন ও মোহাম্মদপুর গ্রামের ফারুক হোসেন। তাঁদের আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইনুল হক গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে ওই বাড়িতে এসকে-এফ কোম্পানির ওষুধ নকল করে বাজারজাত করছিল।
জব্দ তালিকা তৈরির কাজ শেষ না হওয়া পর্যন্ত কী পরিমাণ নকল ওষুধ পাওয়া গেছে, তা বলা যাচ্ছে না। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল।