নোয়াখালীতে পাঁচটি গাড়িতে আগুন
নোয়াখালী শহর ও সেনবাগ উপজেলায় আজ রোববার সন্ধ্যায় চারটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ জানায়, সন্ধ্যা সাতটার দিকে সেনবাগ উপজেলার জয়নগর উচ্চবিদ্যালয়ের কাছে সেবারহাট-নবীপুর সড়কে বালুবাহী একটি ট্রাকে ও তিনটি অটোরিকশায় আগুন দেয় দুর্বৃত্তরা। প্রায় একই সময়ে নোয়াখালী শহরের মাইজদী বাজার হাজি বাড়ির কাছে একটি অটোরিকশায় আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে উভয় স্থানে পুলিশ যাওয়ার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, সন্ধ্যা সাতটার দিকে অজ্ঞাত একদল দুর্বৃত্ত জয়নগর উচ্চবিদ্যালয়ের কাছে তিনটি অটোরিকশা ও একটি ট্রাকে আগুন দেয়। স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।
সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন জানান, হািজ বাড়ির কাছে অটোরিকশায় আগুন দেওয়ার পর স্থানীয় লোকজন আগুন নেভান। আগুনে অটোরিকশাটির সামান্য ক্ষতি হয়। দুর্বৃত্তদের আটক করা যায়নি।