নোয়াখালীতে বন্দুক, গুলিসহ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর চাটখিল উপজেলার বাদলকোট ইউনিয়নের রেজ্জাকপুর গ্রামের একটি বাড়ি থেকে সাতটি বন্দুক ও নয়টি থ্রি নট থ্রি রাইফেলের গুলি এবং বন্দুক তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রেজ্জাকপুর গ্রামের ছাত্তার ডাক্তারের বাড়ির রান্নাঘরের পেছনে তুষের বস্তার নিচে থেকে অস্ত্র ও গুলিগুলো উদ্ধার করা হয়। অভিযানের বিষয়ে টের পেয়ে বাড়ির লোকজন আত্মগোপন করায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
ওসি জানান, ধারণা করা হচ্ছে ওই বাড়িতে অস্ত্র তৈরি করা হতো কিংবা অস্ত্রের যন্ত্রাংশ এনে সেখানে পূর্ণাঙ্গ অস্ত্র তৈরি করা হতো। এ বিষয়ে অনুসন্ধান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা করা হয়েছে।