নোয়াখালীতে বসতভিটা দখলের অভিযোগ
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জুবলী ইউনিয়নের মধ্য বাগ্গা গ্রামে প্রতিবেশীর বসতভিটা, জায়গা-জমি দখল ও লক্ষাধিক টাকার গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে আবদুর রব নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত দায়েম উদ্দিন ওরফে দুলালের ছেলে আবদুল করিম গতকাল সোমবার সুবর্ণচরের চরজব্বার থানায় লিখিত অভিযোগ করেছেন।
চর জব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম এনামুল কবির প্রথম আলোকে বলেন, অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে যথাযথ আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
গতকাল সোমবার দুপুরে সরেজমিনে দেখা যায়, দায়েম উদ্দিনের বসতঘরের ভিটা শূন্য পড়ে আছে। ঘরের চৌকাঠ পড়ে আছে পাশের খেতে। ভিটার একাংশ কেটে খাল খনন করছেন কিছু শ্রমিক। কিছু শ্রমিক বাড়ির বাগানের বড় বড় কয়েকটি গাছ কেটে ভ্যানে করে অন্যত্র নিয়ে যাচ্ছেন। এ ছাড়া আরও কয়েকটি বড় গাছ কেটে ফেলে রাখা হয়েছে।
এ সময় সাংবাদিক দেখে দৌড়ে চলে যান আবদুর রবের লোকজন ও শ্রমিকেরা। পরে বাড়ির সীমানায় দাঁড়িয়ে কথা বলেন আবদুর রবের স্ত্রী তাছলিমা আক্তার। তাঁর দাবি, প্রতিপক্ষের অভিযোগ ভিত্তিহীন। জায়গাগুলো তাঁদের।
দায়েম উদ্দিনের স্ত্রী রৌশন আরা বেগম বলেন, গত শনিবার আবদুর রবের লোকজন তাঁদের বসতঘর ভেঙে দেয়। এরপর তারা বাড়ির গাছপালা কেটে নেয়।
রৌশন আরা বেগম বলেন, ‘আমরা অসহায়, টাকাপয়সা নেই। আমার স্বামী অসুস্থ। এ কারণে প্রতিপক্ষ টাকার জোরে আশপাশের সব দখল করে নিতে চায়। আমাদের দখলীয় জমির ওপর তাঁদের চোখ পড়েছে।’
দায়েম উদ্দিনের ছেলে আবদুল করিম জানান, ৩০০ নম্বর মধ্য বাগ্গা মৌজার ১৭১ নম্বর খতিয়ানভুক্ত ১৪১ দাগের ১ একর ৪০ শতাংশ জমি তাঁরা ৩৫ বছর ধরে ভোগদখল করে আসছেন।
আবদুল করিম জানান, ১৯৯৭ সালে সরকারিভাবে ওই জমি তাঁদের নামে বন্দোবস্ত দেওয়া হয়। কিন্তু প্রতিবেশী আবদুর রব তাঁদের খতিয়ানভুক্ত ৪০ শতাংশ জমি নিজের দাবি করে গত রোববার থেকে দখল শুরু করেন।
অভিযোগ অস্বীকার করে আবদুর রব বলেন, তিনি যে জায়গা থেকে গাছ কেটে খাল খনন করছেন, সে জায়গা তাঁর। দায়েম উদ্দিনের লোকেরাই আগে সরকারি লোকজনকে হাত করে তাঁর জায়গার ওপর দিয়ে খাল খনন করিয়েছেন। যা এখন ভরাট করে অন্য জায়গা দিয়ে নতুন করে খাল খনন করে দিচ্ছেন।