নোয়াখালীতে ভূমিহীনদের ওপর হামলা, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের চরকলমীতে গত বৃহস্পতিবার সন্ধ্যায় আবারও ভূমিহীনদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। স্থানীয় সূত্র এ কথা জানিয়েছে।
আহত ব্যক্তিদের মধ্যে আলী আশরাদ (৫০), তাঁর স্ত্রী জাহানারা বেগম (৩৫), ছেলে মো. ইকবাল হোসেন (১২), নাতি আশরাফুল ইসলামকে (৩) নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
এর আগে গত ১৮ জানুয়ারি একই চরে ভূমিহীনদের বসতঘরে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হন।
আহত আলী আশরাদ বলেন, তাঁরা দীর্ঘদিন ধরে চরকলমীর খাস জমিতে বসবাস করছেন। বৃহস্পতিবার বিকেলে তিনি পুরোনো ঝুপড়িঘর ভেঙে নতুন টিনের ঘর তৈরির জন্য কাজ করছিলেন। এ সময় পাশের রিম ফিশারিজ নামের একটি মাছের খামারের কয়েকজন কর্মচারী এসে তাঁকে ঘর করতে বাধা দেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁরা চলে যান।
স্থানীয় সূত্রের ভাষ্যমতে, সন্ধ্যা সাতটার দিকে খামারের মালিকপক্ষের লোক হিসেবে পরিচিত আবুল কালাম ওরফে মাছ কালাম ও হোরনের নেতৃত্বে ৩০-৩৫ জন ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে আলী আশরাদের বাড়িতে হামলা চালান। এ সময় লাঠির আঘাতে আলী আশরাদসহ ১০ জন আহত হন।
ভূমিহীনদের ওপর হামলার অভিযোগ অস্বীকার করে রিম ফিশারিজের ব্যবস্থাপক ফয়েজ উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘আমাদের মাছের খামারের পাশের জায়গা অবৈধভাবে দখল করে ভূমিহীনেরা বসতি গড়ে। গতকাল নতুন করে সেখানে ঘর নির্মাণ করতে গেলে খামারের কিছু লোকজন গিয়ে বাধা দেন। এ নিয়ে সামান্য কথা-কাটাকাটি হয়েছে। কোনো হামলার ঘটনা ঘটেনি। ভূমিহীনেরা ঘটনা সাজানোর জন্য হাসপাতালে গিয়ে ভর্তি হয়েছে।’
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ করেননি।
স্থানীয় বাসিন্দা আবদুর রহিম বলেন, চরকলমীর বেশির ভাগ জমিই খাস খতিয়ানভুক্ত। গত দু-তিন বছরের মধ্যে প্রভাবশালী লোকজন নামে-বেনামে বন্দোবস্ত নিয়ে চরকলমীতে ২০টির বেশি মাছের খামার করেছেন। খামারের আশপাশে বসবাসকারী ভূমিহীনদের উচ্ছেদে প্রায়ই হামলা চালানো হয়।