নোয়াখালীতে ভূমিহীনদের লাঠিপেটার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়া উপজেলার কেরিংচরের ভূমিহীনদের পুনর্বাসন ছাড়া উচ্ছেদ না করার দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন হয়েছে। গতকাল সোমবার সদর উপজেলার উত্তর ওয়াপদা বাজারে এসব কর্মসূচি পালিত হয়।

স্থানীয় সূত্রের ভাষ্যমতে, সকালে হাতিয়া উপজেলা খেতমজুর ইউনিয়নের ব্যানারে ভূমিহীনেরা স্মারকলিপি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে আসার সময় সুবর্ণচর উপজেলার ভূঁইয়ারহাট বাজারসহ পথে পথে পুলিশের বাধার মুখে পড়েন। এ সময় পুলিশের লাঠিপেটায় নারীসহ ৩০ জন আহত হন।

বেশ কয়েকজন ভূমিহীন বলেন, হাতিয়ার চানন্দী ইউনিয়নের কেরিংচরে প্রায় ১৫ বছর ধরে নদীভাঙা প্রায় তিন হাজার ভূমিহীন পরিবার বসবাস করে আসছে। বর্তমানে সেখানে সেনাবাহিনীর একটি ক্যাম্পের কাজ চলছে। এ অবস্থায় সেনাবাহিনীকে চরের জায়গা বুঝিয়ে দেওয়ার জন্য চরে দীর্ঘদিন ধরে বসবাসকারী ভূমিহীনদের উচ্ছেদ করার প্রক্রিয়া শুরু হয়েছে। এ পরিস্থিতিতে ভূমিহীনেরা উপযুক্ত জায়গায় পুনর্বাসন ছাড়া উচ্ছেদ না করার দাবি জানাতে গতকাল সকালে বাসযোগে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে আসছিলেন।

ভূমিহীনেরা অভিযোগ করেন, তাঁদের বহনকারী আটটি বাস সুবর্ণচরের ভূঁইয়ার বাজারে এলে চরজব্বার থানার পুলিশের বাধার মুখে পড়েন। পুলিশ এ সময় ভূমিহীন নারী-পুরুষদের লাঠিপেটা করে তাদের বাসগুলো পাশের জনতা বাজার এলাকায় চলে যেতে বাধ্য করে। এ সময় বেশ কিছু ভূমিহীন নারী-পুরুষ পুলিশের হামলার শিকার হন। তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

খেতমজুর ইউনিয়নের নোয়াখালী জেলা সভাপতি আনোয়ার হোসেন বলেন, সুবর্ণচরের ভূঁইয়ারহাট, সদর উপজেলার মান্নাননগর ও উত্তর ওয়াপদা বাজারে মিছিলকারীদের বহনকারী সাতটি বাস আটকে রাখে পুলিশ। একপর্যায়ে হেঁটে তাঁরা রওনা হলে পথে পথে তাঁদের লাঠিপেটা করে পুলিশ। এতে কমপক্ষে ৩০ জন ভূমিহীন আহত হন।

বেলা সাড়ে ১১টার দিকে ভূমিহীনেরা সদর উপজেলার উত্তর ওয়াপদা বাজারে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেন। সমাবেশে খেতমজুর ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন ও জেলা সভাপতি আনোয়ার হোসেনসহ ভূমিহীন নেতারা বক্তব্য দেন।

এদিকে ভূমিহীনদের লাঠিপেটার অভিযোগ অস্বীকার করে সুবর্ণচরের চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম এনামুল কবির বলেন, বাজারের পাশের পুলিশ ক্যাম্পের সদস্যরা ভূমিহীনদের বুঝিয়ে ওই এলাকা থেকে সরিয়ে দিয়েছে।

জেলা প্রশাসক বদরে মুনীর ফেরদৌস বলেন, ভূমিহীনদের প্রতিনিধিদল একটি স্মারকলিপি দিয়ে গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। তিনি জানান, কেরিংচরে বসবাসকারী ভূমিহীনদের অন্যত্র পুনর্বাসনের প্রক্রিয়া চলছে।