নোয়াখালীতে যুবদল কর্মী খুন
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের হাসানপুর গ্রামে মোরশেদ আলম নামের এক যুবক খুন হয়েছেন। তিনি যুবদলের কর্মী বলে দাবি করেছেন উপজেলা যুবদলের সভাপতি মো. সেলিম। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উল ইসলামের ভাষ্য, মোরশেদসহ (২৪) ছাত্র ও যুবদলের একদল কর্মী যুবলীগ কর্মী জাকিরের ওপর হামলা চালান বলে তাঁরা শুনেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মোরশেদের লাশ পড়ে থাকতে দেখে। মোরশেদকে গুলি করে না কুপিয়ে হত্যা করা হয়েছে, এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। লাশের মাথায় রক্তের ছোপ ছিল। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
উপজেলা যুবদলের সভাপতি মো. সেলিমের দাবি, তাঁর দলের কর্মী মোরশেদকে যুবলীগের কর্মী জাকির পূর্বপরিকল্পিতভাবে গুলি করে হত্যা করে লাশ রাস্তার পাশে ফেলে গেছে।
নিহত মোরশেদ হাসানপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে।