নোয়াখালীতে যুবলীগ কর্মী হত্যার ঘটনায় গ্রেপ্তার ১
নোয়াখালীর বেগমগঞ্জের গোপালপুর ইউনিয়নের কবির বাজারে যুবলীগের কর্মী জহির উদ্দিন হত্যার ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টার মধ্যে গোপালপুর এলাকা থেকে সাহাব উদ্দিন (৩৫) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় সাহাব উদ্দিনের কাছ থেকে একটি এলজি উদ্ধার করা হয়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জানান, গ্রেপ্তার সাহাব উদ্দিনের বিরুদ্ধে হত্যা ও অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে। তিনি জানান, জহির হত্যার ঘটনায় গতকাল শনিবার বিকেল পর্যন্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়নি।
এদিকে নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. ফরিদ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে জানান, ধারালো অস্ত্রের আঘাতে ও শটগানের গুলিতে জহিরের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তকালে তাঁর শরীর থেকে শটগানের কয়েকটি গুলি বের করা হয়েছে।
গত শুক্রবার রাতে গোপালপুর ইউনিয়নের কবির বাজারের সন্ত্রাসীরা গুলি করে ও কুপিয়ে জহিরকে হত্যা করে।