নোয়াখালীতে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা
নোয়াখালীর চাটখিলে ঘরে ঢুকে যুবলীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার বেলা ১১টার দিকে পৌরসভার ছয়ানী-টকবা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাত নয়টা পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
নিহত যুবলীগ কর্মীর নাম তারেক হোসেন ওরফে স্বপন (২৪)। তাঁর পরিবার এ হত্যাকাণ্ডের জন্য এলাকার আরেক যুবলীগ কর্মী মো. রবিন ও তাঁর সহযোগীদের দায়ী করেছেন।
উপজেলা যুবলীগের একাংশের আহ্বায়ক আহমদ উল্লা বলেন, হত্যাকাণ্ডটি রাজনৈতিক নয়। ব্যক্তিগত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে।
তারেকের বড় ভাই মোতাহের হোসেন প্রথম আলোকে বলেন, কী কারণে তাঁর ভাই খুন হয়েছেন, তা তাঁরা বলতে পারছেন না। রবিনসহ সাত-আটজন ঘরে ঢুকে তাঁর ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে। হত্যকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকেই তাঁর মা চিনতে পেরেছেন। বিষয়টি পুলিশকেও জানানো হয়েছে।
পুলিশ সূত্র জানায়, বেলা ১১টার দিকে যুবলীগ কর্মী মো. রবিনের নেতৃত্বে সাত-আটজন দুর্বৃত্ত ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে ছিদ্দিক উল্লার বাড়িতে যায়।
এ সময় বাড়িতে তারেকের মা ছিলেন। তারা বসতঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় যুবলীগ কর্মী তারেক হোসেনকে কোপাতে থাকে। এ সময় পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন এসে তারেককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার কিছুক্ষণ পরই খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু তাঁর আগেই দুর্বৃত্তরা এলাকা ছেড়ে যায়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিম উদ্দিন প্রথম আলোকে বলেন, হত্যাকাণ্ডের শিকার তারেক এবং অভিযুক্ত রবিন উভয়েই যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তবে ঘটনাটি রাজনৈতিক নয়, ব্যক্তিগত। কারণ কয়েক দিন আগে তারেকের সঙ্গে রবিনের ব্যক্তিগত কিছু বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়েছে বলে তথ্য পাওয়া গেছে।
ওসি বলে, ঘটনার পর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।