নোয়াখালীতে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের হাজীপুর গ্রামে বেলাল হোসেন নামে যুবলীগের এক নেতাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে।
গুরুত্বর আহত বেলালকে পরিবারের সদস্যরা প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বেলাল হাজীপুর গ্রামের নুর হোসেনের ছেলে এবং পূর্ব চরবাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক।
বেলালের বড় ভাই ইকবাল হোসেন জানান, শুক্রবার রাত নয়টার দিকে দুর্বৃত্তরা বেলালকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে যায়। তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। বাড়ির পাশের বাগান থেকে তাঁকে উদ্ধার করা হয়।
ইকবাল হোসেন জানান, বছর খানেক আগেও বেলালকে এলাকার একদল সন্ত্রাসী কুপিয়ে আহত করেছিল। ওই ঘটনায় করা মামলায় যাদের আসামি করা হয়েছিল, তারা জামিনে এসে বেলালকে হুমকি দিচ্ছিল।এ ঘটনায়ও তাদের সম্পৃক্ততা থাকতে পারে বলে তিনি দাবি করেন।
সুবর্ণচরের চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম এনামুল কবির বলেন, বেলালের পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, আগের মামলার আসামিরাই এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। তবে গতকাল শনিবার বিকেল পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি।