নোয়াখালীতে শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে আগুন
নোয়াখালীতে জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। এতে একটি কক্ষের কিছু বইপত্র পুড়ে যায়।
কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হঠাৎ জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের দ্বিতল ভবনের নিচতলায় পশ্চিম-দক্ষিণ কোনায় সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিনুল ইসলাম মজুমদারের কক্ষে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। বিষয়টি তাঁরা তাৎক্ষণিক মাইজদী ফায়ার স্টেশন ও সুধারাম থানায় জানান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভান।
আজ রাতে সরেজমিনে দেখা যায়, শাহিনুল ইসলামের কক্ষের দক্ষিণ পাশের জানালার কাচ ভাঙা। কর্মকর্তা-কর্মচারীদের ধারণা, জানালার কাচ ভেঙে দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুন দিয়ে পালিয়ে গেছে। তবে, ঠিক কী কারণে বা উদ্দেশ্যে দুর্বৃত্তরা আগুন দিতে পারে, তা কার্যালয়ের কেউ জানাতে পারেননি।
ওই কার্যালয়ের কম্পিউটার অপারেটর জামাল হোসেন জানান, তিনি ও সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা কবির হোসেন ভবনের দ্বিতীয় তলায় কম্পিউটারে কাজ করছিলেন। হঠাৎ নিচে একটি শব্দ শুনতে পান। নিচে নেমে পেট্রলের গন্ধ পান। পরে ওই কক্ষে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন।
আগুন লাগার খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) নিষ্কৃতি চাকমা, সহকারী পুলিশ সুপার (এএসপি, হেডকোয়ার্টার) মো. জসিম উদ্দিন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন। নিষ্কৃতি চাকমা প্রথম আলোকে বলেন, ‘আগুন দেওয়ার কারণ এখনও অস্পষ্ট। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।’
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন ছিদ্দিকী বলেন, দুর্বৃত্তরা ওই কক্ষের জানালার কাচ ভেঙে ভেতরে আগুন দিয়েছে। দ্রুত আগুন নেভানোর কারণে তেমন কোনো ক্ষতি হয়নি।