নোয়াখালীতে শিবির-কর্মী নিহত
নোয়াখালী শহরে ছাত্রশিবিরের একদল কর্মী আকস্মিকভাবে সড়কে নেমে যানবাহন ভাঙচুর করেছে। ধাওয়া খেয়ে পালানোর সময় পড়ে গিয়ে শিবিরের এক কর্মী নিহত হয়েছেন বলে দাবি পুলিশের।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের মফিজ প্লাজা এলাকায় প্রধান সড়কে এ ঘটনা ঘটে।
ছাত্রশিবিরের ভাষ্য, তাদের নিহত কর্মীর নাম ওমর ফারুক (১৮)। তাঁর বাবার নাম নূর আলম। বাড়ি সদর উপজেলায়। নোয়াখালী পাবলিক কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন ফারুক।
শিবিরের দাবি, ফারুক পুলিশের গুলিতে মারা গেছেন।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, মৃত অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হয়। তাঁর মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে। ময়নাতদন্ত শেষে তাঁর মৃত্যুর কারণ জানা যাবে।
সুধারাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনের ভাষ্য, বেলা সাড়ে ১১টার দিকে মফিজ প্লাজা এলাকায় প্রধান সড়কে শিবিরের সাত-আটজন কর্মী ঝটিকা মিছিল বের করেন। তাঁরা দলীয় স্লোগান দিয়ে নির্বিচারে যানবাহন ভাঙচুর করতে থাকেন। তাঁদের ছত্রভঙ্গ করতে টহল পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। পালানোর সময় একজন সড়কের পাশে নর্দমায় (ড্রেন) পড়ে যান। এতে তিনি মাথায় আঘাত পান। হাসপাতালে নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়। তাঁর নাম-পরিচয় পাওয়া যায়নি।
ফারুককে নিজেদের কর্মী বলে দাবি করেছেন ছাত্রশিবিরের নোয়াখালী উত্তর জেলার সভাপতি মো. মায়াজ। তাঁর ভাষ্য, ফারুক পুলিশের গুলিতে মারা গেছেন। আরেক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।