নোয়াখালীতে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক ১
নোয়াখালী পৌর এলাকায় গতকাল শুক্রবার ছয় বছরের একটি শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে (৬৫) আটক করেছে পুলিশ।
শিশুটির মামা বলেন, গতকাল বেলা দুইটার দিকে তাঁর ভাগনি একই বাড়ির এক ব্যক্তির ঘরে টেলিভিশন দেখতে যায়। এ সময় ওই ব্যক্তি তাকে কৌশলে বাড়ির পাশে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে তাঁর ভাগনি কান্নাকাটি করতে করতে ঘরে এসে মাকে ঘটনাটি জানায়। এরপর তাঁরা তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন।
হাসপাতালের চিকিৎসক মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, অবস্থা দেখে মনে হয়েছে, শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে নখের আঁচড়ের দাগ দেখা গেছে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ঘটনা সম্পর্কে জানার পরই পুলিশ ধর্ষণের চেষ্টার অভিযোগে ওই ব্যক্তিকে বাড়ি থেকে আটক করে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।