নোয়াখালীতে সন্ত্রাসীদের গুলিতে চারজন আহত
নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের কালিরহাটে গতকাল শনিবার সন্ধ্যায় সন্ত্রাসীদের গুলিতে এক নারী, এক শিশুসহ চারজন আহত হয়েছেন। এ ঘটনায় এক যুবককে একটি মোটরসাইকেলসহ আটক করা হয়েছে।
গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন আনোয়ারা বেগম (৬০), মো. কিরণ (১০), মো. হোরন (২৫) ও মো. আলাউদ্দিন (২৮)। তাঁদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. ফরিদ উদ্দিন চৌধুরী জানান, ধরন দেখে মনে হচ্ছে তাঁরা শটগানের গুলিতে আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল সকালে সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের কয়েকজন যুবকের সঙ্গে কালিরহাটের এক চা দোকানদারের কথা-কাটাকাটি হয়। এরপর গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনটি মোটরসাইকেলযোগে ছয়-সাতজন যুবক কালিরহাট বাজারে এসে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এতে এক নারী, এক শিশুসহ চারজন গুলিবিদ্ধ হন। পরে বাজারের লোকজন জড়ো হয়ে সন্ত্রাসীদের ধাওয়া করেন। একপর্যায়ে এক যুবককে একটি মোটরসাইকেলসহ আটক করা হয়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
কবিরহাট থানার ওসি মোক্তার হোসেন বলেন, ঘটনার সঙ্গে জড়িত এক যুবককে আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে।