নোয়াখালীতে সন্ত্রাসীদের গুলিতে দুজন আহত
নোয়াখালীর চাটখিলে সন্ত্রাসীদের গুলিতে কামরুল ইসলাম ও মো. সম্রাট নামের দুজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার উপজেলার খিলপাড়া ইউনিয়নের বালিয়াদার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে মো. সম্রাট (২০) বালিয়াদার বাজারে টেলিভিশনে বাংলাদেশ-ভারতের ক্রিকেট খেলা দেখছিলেন। এ সময় লক্ষ্মীপুরের মামুন বাহিনীর কয়েকজন সন্ত্রাসী সম্রাটকে অস্ত্রের মুখে তুলে নেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে সম্রাটের আত্মীয় কামরুল ইসলাম (৩৫) তাঁকে উদ্ধারে এগিয়ে এলে সন্ত্রাসীরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি মাথায় গুলিবিদ্ধ হন। পরে সন্ত্রাসীরা সম্রাটের বাঁ পায়ে গুলি করে পালিয়ে যায়।
স্থানীয় সূত্র জানায়, সম্রাটকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কামরুলকে প্রথমে নোয়াখালীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
স্থানীয় লোকজন জানান, সন্ত্রাসী মামুন বাহিনীর সদস্যরা প্রায়ই লক্ষ্মীপুর থেকে চাটখিলের খিলপাড়া এলাকায় এসে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়।
কামরুলের ভাই ফখরুল ইসলাম বলেন, সকালে তাঁর ভাই দেলিয়াই গ্রামের বাড়ি থেকে অল্প দূরে বালিয়াদার বাজারের দিকে গেলে সন্ত্রাসী হামলার শিকার হন। একই সময় সন্ত্রাসীরা তাঁর ভাতিজা (ফুফাতো ভাইয়ের ছেলে) সম্রাটকেও গুলি করে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ঘটনাটি ঘটেছে সোনাইমুড়ী উপজেলার বটগ্রামে।
অন্যদিকে সোনাইমুড়ী থানার ওসি আশরাফ-উল-ইসলাম বলেন, চাটখিলের বালিয়াদার বাজারেই গুলির ঘটনাটি ঘটেছে বলে এলাকার লোকজন তাঁকে নিশ্চিত করেছেন।