নোয়াখালীতে সরকারি কর্মকর্তা লাঞ্ছিত
নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের পূর্ব শুল্যাকিয়া এলাকায় হর্টিকালচার সেন্টারের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (উপপরিচালক) গত সোমবার বিকেলে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা হর্টিকালচার সেন্টারের কার্যালয়ের সামনে থেকে প্রায় ১৫ মণ সয়াবিন লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় কার্যালয়ের উপসহকারী উদ্যান কর্মকর্তা সুধারাম থানায় মামলা করেছেন।
উপসহকারী উদ্যান কর্মকর্তা সৈয়দ রফিক উদ্দিন লিখিত অভিযোগে উল্লেখ করেন, সম্প্রতি হর্টিকালচার সেন্টারের সীমানাপ্রাচীর নির্মাণের কাজ শুরু হয়। কাজ শুরুর কয়েক দিন পর স্থানীয় কতিপয় ব্যক্তি সীমানাপ্রাচীর নির্মাণে বাধা দেন। পরে তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। গত সোমবার বিকেল সাড়ে চারটার দিকে হর্টিকালচার সেন্টারের ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপপরিচালক) আবদুর রশীদ সেখানে গেলে আট-দশজন লোক তাঁর ওপর হামলা চালায়। হামলাকারীরা এ সময় আবদুর রশিদকে কিল-ঘুষি মেরে গুরুতর জখম করে। পরে তাঁকে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
সৈয়দ রফিকের অভিযোগ, হামলার ব্যাপারে থানায় অভিযোগ করলে কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের হত্যাসহ কার্যালয় জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছে হামলাকারীরা।