নোয়াখালীতে সরকারি কার্যালয়ে আগুন
নোয়াখালী জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে একটি কক্ষের কিছু বইপত্র পুড়ে যায়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হঠাৎ জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের নিচতলার সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিনুল ইসলাম মজুমদারের কক্ষে আগুন জ্বলতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে তাঁরা বিষয়টি মাইজদী ফায়ার স্টেশন ও সুধারাম থানায় জানান। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভান।
কম্পিউটার অপারেটর জামাল হোসেন জানান, তিনি ও সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা কবির হোসেন ভবনের দ্বিতীয় তলায় কাজ করছিলেন। এ সময় নিচে একটি শব্দ শুনতে পান। তাৎক্ষণিকভাবে নিচে নেমে তাঁরা পেট্রলের গন্ধ পান এবং একটি কক্ষে আগুন জ্বলতে দেখেন।
সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) নিষ্কৃতি চাকমা বলেন, আগুন দেওয়ার কারণ এখনো অস্পষ্ট। এ সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন ছিদ্দিকী বলেন, ‘দুর্বৃত্তরা সহকারী জেলা শিক্ষা কর্মকর্তার কক্ষের জানালার কাচ ভেঙে ভেতরে অগ্নিসংযোগ করেছে।
ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মাহবুব আলম বলেন, আগুন নেভাতে ঘটনাস্থলে গিয়ে তিনি কেরোসিনের গন্ধ পেয়েছেন।