নোয়াখালীতে সালিসি বৈঠকে গুলি ককটেল হামলা, আহত ৪
নোয়াখালীর বেগমগঞ্জে সালিসি বৈঠকে গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মহিন উদ্দিন নামে একজন গুলিবিদ্ধসহ কমপক্ষে চারজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ভবভদ্রিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
অন্য আহত ব্যক্তিরা হলেন মো. হারুন, মো. রাজীব ও মো. সজীব। গুলিবিদ্ধ মহিন উদ্দিনকে নোয়াখালী শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় লোকজনের ভাষ্যমতে, ভবভদ্রিপুর গ্রামের আবুল কাশেমের বসতঘরের ওপর দিয়ে পাশের বাড়ির মহিন উদ্দিন কয়েক দিন আগে ডিশ লাইনের তার টানান। কাশেমের ছেলেরা ওই ডিশ লাইনের তার কেটে দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে গত বুধবার কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়।
এ ঘটনার জের ধরে গতকাল সন্ধ্যার পর স্থানীয় দুধ মিয়া ব্যাপারীবাড়িতে দুই পক্ষকে নিয়ে সালিসি বৈঠক বসে। বৈঠকের একপর্যায়ে উভয় পক্ষ তর্কে লিপ্ত হয়।একপর্যায়ে কাশেমের পক্ষের লোকজন মহিন ও তাঁর লোকদের ওপর হামলা চালায়।
সূত্র জানায়, এ সময় হামলাকারীরা কয়েকটি গুলি ছোড়ে এবং বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এতে মহিন উদ্দিন গুলিবিদ্ধ হন।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইনুল হক জানান, সালিসি বৈঠকে গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগ ফেলে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।