নোয়াখালীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ
নোয়াখালীর কবিরহাটে এক স্কুলছাত্রীকে ধর্ষণ ও পরে গর্ভপাত ঘটানোর অভিযোগে আদালতে মামলা হয়েছে।
গত বুধবার ওই স্কুলছাত্রী (১৪) নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ওই মামলা করে। আদালত অভিযোগ আমলে নিয়ে আগামী সাত কার্যদিবসের মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।
কবিরহাট থানার ওসি মোক্তার হোসেন প্রথম আলোকে বলেন, বিষয়টি তদন্তের জন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া ডাক্তারি পরীক্ষার জন্য ওই ছাত্রীকে গতকাল জেলা সিভিল সার্জনের কার্যালয়ে পাঠানো হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, নির্যাতনের শিকার ওই কিশোরী তার নানার বাড়িতে থাকে। সে স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। গত ২০ নভেম্বর তাঁর নানির অনুপস্থিতিতে একই বাড়ির মেজবাহ উদ্দিন ওরফে সুজন ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। পরে ওই ছাত্রী গর্ভবতী হয়ে পড়ে।
এজাহারে উল্লেখ করা হয়, ১০ এপ্রিল মেজবাহ তাকে বিয়ে করার এবং ডাক্তার দেখানোর কথা বলে নোয়াখালী শহরের একটি বাসায় নিয়ে যায়। সেখানে এক নারীকে দিয়ে জোরপূর্বক তার গর্ভপাত করানো হয়।
জানতে চাইলে মেজবাহ উদ্দিন তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ওই ছাত্রীর নানাদের সঙ্গে তাঁদের পরিবারের বিরোধ আছে। ওই বিরোধের জের ধরে তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা করা হয়েছে।