নোয়াখালীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
নোয়াখালীর হাতিয়া উপজেলার মধ্যম চরচেঙ্গায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আমিরুল ইসলাম ওরফে রাশেদের (৩০) মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। গতকাল সোমবার বিকেলে ট্রাইব্যুনালের বিচারক সাঈদ আহমেদ এ রায় দেন।
একই আদেশে আদালত আসামির ৩০ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া অভিযোগ প্রমাণ না হওয়ায় মামলার অপর তিন আসামি নুরুল ইসলাম চৌকিদার, রশিদ উদ্দিন ও সামছু উদ্দিনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আমিরুল এজলাসে উপস্থিত ছিলেন। আমিরুল হাতিয়ার মধ্যম চরচেঙ্গা গ্রামের নুরুল ইসলাম চৌকিদারের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, বাবার বাড়ি থেকে ৩০ হাজার টাকা যৌতুক এনে দিতে রাজি না হওয়ায় ২০১০ সালের ২৩ আগস্ট রাতে স্ত্রী আছমিনা খাতুনকে (২০) শ্বাসরোধে হত্যা করেন স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এ ঘটনায় পরদিন আছমিনা খাতুনের বাবা মোজাম্মেল হোসেন বাদী হয়ে আমিরুল ইসলাম, নুরুল ইসলাম চৌকিদারসহ চারজনকে আসামি করে হাতিয়া থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে চার আসামির বিরুদ্ধেই আদালতে অভিযোগপত্র দাখিল করে। এরপর দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে গতকাল আদালত রায় ঘোষণা করেন।
আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌঁসুলি হুমায়ুন কবির হিরু এবং আসামিপক্ষে মামলা পরিচালনা করেন এ কে এম সামছুল ইসলাম।