নোয়াখালীতে হিজড়াকে পিটিয়ে হত্যা, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জের চর কাঁকড়া ইউনিয়নে লাকি আক্তার ওরফে জাহাঙ্গীর (২৫) নামের এক হিজড়াকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল রোববার ইউনিয়নের নতুন বাজার মডেল মাদ্রাসার পাশের সড়কে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সোনালী (২৮) ও মল্লিকা (২২) নামের দুই হিজড়া আহত হন। তাঁদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মাঈন উদ্দিন মাস্টার (২৫) ও আবদুস সাত্তার (৩০) নামের দুই ব্যক্তিকে আটক করেছে।
২০১১ সালের ২৭ জুলাই চর কাঁকড়া ইউনিয়নের টেকেরহাট বাজারে পুলিশের উপস্থিতিতে শামছুদ্দিন মিলন নামের নিরীহ এক কিশোরকে ডাকাত সাজিয়ে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্যমতে, মাস দেড়েক আগে উপজেলার মুছাপুর এলাকায় বসবাসকারী কয়েকজন হিজড়া চর কাঁকড়ার পাটোয়ারী বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে যান। অনুষ্ঠানে তাঁরা কিছুক্ষণ নাচ দেখিয়ে টাকা দাবি করেন। এ নিয়ে বাড়ির লোকজনের সঙ্গে হিজড়াদের বাগ্বিতণ্ডা হয়। গত শনিবার বিকেলে ওই হিজড়ারা চর কাঁকড়ার নতুন বাজারে বিভিন্ন দোকানে টাকা তুলতে যান। এ সময় আগের ঘটনা নিয়ে পাটোয়ারী বাড়ির এক যুবকের সঙ্গে হিজড়াদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে লাকিকে মারধর করে ছেড়ে দেওয়া হয়।
স্থানীয় সূত্র জানায়, এ ঘটনার বিচার চাইতে গতকাল সকালে লাকি তাঁর কয়েকজন সহযোগীকে নিয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যালয়ে যান। তাঁরা চেয়ারম্যানের কাছে চর কাঁকড়ার কালাম, সাত্তার, মিজান ও ওয়াসিমসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেন। পরে চেয়ারম্যান বুধবার সকালে সালিসের দিন নির্ধারণ করেন। এরপর হিজড়ারা সিএনজিচালিত অটোরিকশাযোগে মুছাপুর ফিরছিলেন। নতুন বাজারে পৌঁছামাত্র একদল যুবক অটোরিকশা থামিয়ে তাঁদের ওপর হামলা চালায়। হামলায় লাকিসহ তিন হিজড়া আহত হন। পরে অন্য হিজড়ারা তাঁদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক লাকিকে মৃত ঘোষণা করেন।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ফরিদ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘মৃত ঘোষণার পর হিজড়ারা হাসপাতাল থেকে জোর করে লাশটি নিয়ে যায়। এ সময় বাধা দিলে তাঁরা চিকিৎসক ও বয়দের সঙ্গে দুর্ব্যবহার করেন।’
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান জানান, লাকির লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সোমবার (আজ) লাশটি নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।
হিজড়া চুমকি অভিযোগ করেন, নতুন বাজারে সাত্তারসহ একদল লোক অতর্কিতে তাঁদের ওপর হামলা চালায়। তারা লাকিকে পিটিয়ে মেরে ফেলেছে।
সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নবজোতি খীসা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি প্রথম আলোকে জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। হিজড়ারা তাঁদের শনাক্ত করেছেন। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।