নোয়াখালীতে 'শিশু পরিবারের' শিশুর ঝুলন্ত লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে অনাথ শিশুদের সরকারি আশ্রম ‘শিশু পরিবার’ থেকে আছমা আক্তার (১১) নামের এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে সুধারাম থানার পুলিশ শিশু পরিবারের ২০২ নম্বর কক্ষের তালা ভেঙে লাশটি উদ্ধার করে।
সুধারাম থানা পুলিশ সুত্রে জানা যায়, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে আছমা তার কক্ষে ফ্যানের হুকের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। নিহত আছমা লক্ষ্মীপুর সদর উপজেলার সাহাপুর গ্রামের পণ্ডিতবাড়ির মেয়ে। তার বাবার নাম মৃত মো. বাহার। আছমা শিশু পরিবারের তত্ত্বাবধানে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ত।
সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নবজ্যোতি কিশা প্রথম আলোকে বলেন, শিশু আছমা আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। তদন্ত করে এ ব্যাপারে যথাযথ আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।
শিশু পরিবারের তত্ত্বাবধায়ক শিল্পী ভৌমিক জানান, সকালে আছমার সঙ্গে ওই আশ্রমেরই অন্য একটি শিশুর ঝগড়া হয়। কিছুক্ষণ পর আছমা তার কক্ষের দরজা-জানালা বন্ধ করে ফ্যানের হুকের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। এ সময় বাইরে থাকা ওই কক্ষের অন্য তিন শিশু বিষয়টি জানতে পেরে তাঁকে জানান। পরে খবর পেয়ে পুলিশ দরজা ভেঙে আছমার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে।
জেলা সমাজসেবা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক (ডিডি) আবদুর রহমান টেলিফোনে প্রথম আলোকে বলেন, তিনি শিশুদের একটি প্রতিযোগিতা অনুষ্ঠান উপলক্ষে চট্টগ্রামে ছিলেন। শিশু পরিবারের তত্ত্বাবধায়ক শিশুটির আত্মহত্যার বিষয়টি তাঁকে অবহিত করে বলে জানান তিনি।
সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) নিজাম উদ্দিন জানান, আছমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্তের শেষে গতকাল বিকেলেই মরদেহ তার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সুধারাম থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান নিজাম উদ্দিন।
আছমা আত্মহত্যা করেছে বলে মনে করছেন ময়নাতদন্তের সঙ্গে যুক্ত চিকিৎসকেরাও। নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, আছমা আত্মহত্যা করেছে বলেই প্রাথমিকভাবে তাঁদের কাছে মনে হয়েছে।