নোয়াখালী ও ফেনীতে দুই গৃহবধূকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের কালিকাপুর গ্রামে সোমা দেবনাথ (১৯) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

গৃহবধূ সোমা দেবনাথের বড় ভাই একই ইউনিয়নের ভববদ্দি গ্রামের সুজন দেবনাথ প্রথম আলোকে বলেন, ২০১৫ সালের জুলাইয়ে কালিকাপুর গ্রামের সুমন চন্দ্র দেবনাথের সঙ্গে তাঁর বোনের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর সুমন বিদেশে চলে যান। এরপর শাশুড়ি জোছনা রানী নানা অজুহাতে প্রায়ই তাঁর বোনের ওপর নির্যাতন চালাতেন।

সুজন দেবনাথ অভিযোগ করেন, গত মঙ্গলবার দুপুরেও তাঁর বোনকে মারধর করা হয়, যা তাঁর বোন মুঠোফোনে তাঁকে জানিয়েছিলেন। এরপর বিকেলে অনেকবার ফোন করলেও সোমার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। পরে বিকেল সাড়ে চারটার দিকে তিনি শ্বশুরবাড়িতে গিয়ে দেখেন তাঁর বোন বসতঘরের একটি কক্ষের মেঝেতে হাঁটু গেড়ে বসার মতো করে পড়ে আছেন। তাঁর গলায় প্যাঁচানো শাড়ি ঝুলছিল ঘরের আড়ার সঙ্গে। তাৎক্ষণিকভাবে তাঁরা সোমাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মোহাম্মদ ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, সোমা দেবনাথের লাশের ময়নাতদন্ত হয়েছে।

লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) আকলিমা আক্তার প্রথম আলোকে বলেন, মৃতদেহের গলার একাধিক স্থান থেঁতলানো ছিল।

সুজন দেবনাথের অভিযোগ, শাশুড়ি ও বাড়ির লোকজন পরিকল্পিতভাবে তাঁর বোনকে হত্যা করেছেন। এ ঘটনায় মঙ্গলবার রাতে তিনি বেগমগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

চেষ্টা করেও এ ব্যাপারে সোমা দেবের শাশুড়ির বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুর রহমান প্রথম আলোকে বলেন, এ ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে অভিযোগ থানায় দেওয়া হয়েছে। যা অপমৃত্যুর মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ফেনীতে গৃহবধূর লাশ উদ্ধার: ফেনী অফিস জানায়, ফেনী পৌরসভার মধুপুর গ্রাম থেকে গতকাল ফরিদা আক্তার লিপি (৩২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শ্বশুরবাড়ির লোকজনের দাবি, ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন। তবে গৃহবধূর ভাই কবির আহমদের অভিযোগ, তাঁর বোনকে শ্বশুরবাড়ির লোকজন হত্যা করেছে।

পরিবার সূত্র জানায়, ফেনী সদর উপজেলার দক্ষিণ কাশিমপুর গ্রামের ফরিদা আক্তার লিপির সঙ্গে মধুপুর গ্রামের দুবাইপ্রবাসী মুছা মিয়ার বিয়ে হয় ২০০২ সালে।

শ্বশুরবাড়ির লোকজন বলেন, লিপি গত মঙ্গলবার রাতে ঘরের গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। তবে লিপির ভাই কবির আহমদ অভিযোগ করেন, বিভিন্ন কারণে লিপির সঙ্গে তাঁর ননদ ও জা প্রায়ই ঝগড়া করতেন। তাঁর বোনকে কয়েকবার মারধরও করা হয়েছে। গত মঙ্গলবার রাতেও তাঁকে মরধর করা হয়। মারা যাওয়ার পর শ্বশুরবাড়ির লোকজন প্রচার করে লিপি আত্মহত্যা করেছেন।

ফেনী সদর থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, ওই গৃহবধূকে মাটিতে শোয়ানো অবস্থায় পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য লাশটি ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, ওই গৃহবধূর ভাই অভিযোগ করেছেন, তাঁর বোনকে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদনে বিষয়টি পরিষ্কার হবে।