নোয়াখালী থেকে অপহৃত শিশু মতলবে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কবিরহাট উপজেলা থেকে অপহৃত এক শিশুকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার রাতে মতলব উত্তর থানা-পুলিশ উপজেলার নান্দুরকান্দি গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। গত বুধবার শিশুটি অপহৃত হয়েছিল।

পুলিশ জানায়, জহির উদ্দিন (১২) নামে ওই শিশুর বাড়ি নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার পশ্চিম সোনাদিয়া গ্রামে। তার বাবার নাম নুর উদ্দিন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মতলব উত্তর উপজেলার নান্দুরকান্দি গ্রামের পলাশ চন্দ্র সরকার (২৭), মানিকগঞ্জের শিবালয় উপজেলার কান্দাবাসাই গ্রামের লিটন হোসেন রনি (২৯) ও একই গ্রামের সাইফুল ইসলাম (১৮)। শিশু জহির উদ্দিনের পিতা নুর উদ্দিন কবিরহাট বাজারে কাঠমিস্ত্রির কাজ করেন। লিটন হোসেন রনিও নুর উদ্দিনের সঙ্গে একই দোকানে কাঠমিস্ত্রির কাজ করতেন।

গত বুধবার দুপুরে ওই তিন ব্যক্তি কৌশলে শিশুটিকে তার বাড়ি থেকে অপহরণ করেন। সেখান থেকে তাঁরা তাকে মতলব উত্তর উপজেলার নান্দুরকান্দি গ্রামে এনে পলাশ চন্দ্র সরকারের বাড়িতে একটি ঘরে আটকে রাখেন। অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে ওই শিশুর আত্মীয় কে এম আলাউদ্দিন বুধবার রাতেই পলাশ, রনি ও সাইফুল ইসলামকে আসামি করে কবিরহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

অপহরণের পরদিন বৃহস্পতিবার পলাশ ওই শিশুর বাবার মোবাইলে ফোন করে দেড় লাখ টাকা মুক্তিপণ হিসেবে দাবি করেন। শিশুর পিতা বিষয়টি কবিরহাট থানার পুলিশকে জানান। পুলিশ পলাশের মোবাইল নম্বর ট্র্যাকিং করে তাঁর অবস্থান নিশ্চিত হয়। বিষয়টি মতলব উত্তর থানার পুলিশকে জানানো হলে শনিবার রাতে মতলব উত্তর থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেনের নেতৃত্বে নান্দুরকান্দি গ্রামে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। তখন সেখান থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে কবিরহাট থানা-পুলিশ সহযোগিতা করে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মজুমদার বলেন, শনিবার রাতেই উদ্ধার হওয়া শিশু ও তিন অপহরণকারীকে কবিরহাট থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। কবিরহাট থানার উপপরিদর্শক রাজিব বলেন, আজ রোববার ওই তিন ব্যক্তিকে নোয়াখালী বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।