নোয়াখালীতে অটোরিকশা স্ট্যান্ডে হামলা-গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অটোরিকশায় যাত্রী ওঠানো নিয়ে চালক ও যাত্রীর মধ্যে হাতাহাতির জের ধরে গতকাল বুধবার নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী বাজারে বোমাবাজি ও গুলির ঘটনা ঘটেছে।

এ ঘটনায় নুরুল ইসলাম (২৬) ও মো. সামছুদ্দীন (২৮) নামের দুই অটোরিকশাচালক গুলিবিদ্ধসহ কমপক্ষে পাঁচজন আহত হন। গুলিবিদ্ধ দুজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, গতকাল বেলা আড়াইটার দিকে দুই যুবক জেলা শহর মাইজদী যাওয়ার উদ্দেশে ছয়ানী পূর্ব বাজার অটোরিকশা স্ট্যান্ডে একটি অটোরিকশায় ওঠেন। ওঠার পরই তাঁরা অটোরিকশা ছেড়ে দেওয়ার জন্য পীড়াপীড়ি শুরু করেন। এ নিয়ে চালকের সঙ্গে তাঁদের বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতি হয়। পরে যুবকেরা চলে যান।

সূত্র জানায়, এ ঘটনার জের ধরে বেলা তিনটার দিকে ১৫-১৬ জন যুবক লাঠিসোঁটা ও আগ্নেয়াস্ত্র নিয়ে অটোরিকশা স্ট্যান্ডে হামলা চালান। তাঁরা এ সময় বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। এ সময় দুই চালক গুলিবিদ্ধসহ কমপক্ষে পাঁচজন আহত হন।

স্থানীয়সূত্র জানায়, বিকেল পাঁচটার দিকে অটোরিকশার শ্রমিকেরা ছয়ানী বাজার থেকে রাজগঞ্জ পর্যন্ত সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন। এতে ছয়ানী-রাজগঞ্জ-মাইজদী সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সন্ধ্যার পর পুলিশ গিয়ে এলাকাবাসীর সহায়তায় গাছের গুঁড়ি সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

অটোরিকশা শ্রমিক ইউনিয়নের স্থানীয় স্ট্যান্ডের সভাপতি বেলাল হোসেন প্রথম আলোকে বলেন, যাত্রী ওঠানো নিয়ে দুই যুবকের সঙ্গে চালকের সামান্য তর্কাতর্কি ও হাতাহাতি হয়। এ ঘটনা তখনই শেষ হয়ে যায়। কিন্তু ওই যুবকেরা অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে স্ট্যান্ডে হামলা-ভাঙচুর ও গুলি চালান।

বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, আহত ব্যক্তি গুলিতে নাকি বোমার স্প্লিন্টারের আঘাতে আহত হয়েছেন, তা তিনি নিশ্চিত নন।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. ফরিদ উদ্দিন চৌধুরী জানান, গতকাল বিকেলে ও সন্ধ্যায় নুরুল ইসলাম এবং মো. সামছুদ্দীন নামের দুই ব্যক্তি ছররা গুলিতে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।