নোয়াখালীতে অস্ত্র গুলিসহ গ্রেপ্তার ৩
নোয়াখালীর চাটখিল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুটি এলজি, তিনটি কার্তুজসহ বিভিন্ন মামলার তিন অাসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গত বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে র্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের উপপরিচালক মেজর মো. রেজাউর রহমানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
গ্রেপ্তার তিনজন হলেন চাটখিল উপজেলার শিবপুর গ্রামের মো. রাজু মিয়া (২৫), পূর্ব দেলিয়াই গ্রামের আবদুল খালেক (৩৫), শ্রীপুর গ্রামের মো. সবুজ (২৪)। গতকাল বৃহস্পতিবার র্যাব থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার গভীর রাতে র্যাবের একটি দল চাটখিলের শিবপুর গ্রামে অভিযান চালিয়ে একটি এলজি, তিনটি কার্তুজ, একটি মোটরসাইকেলসহ রাজু মিয়াকে আটক করে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পূর্ব দেলিয়াই এলাকায় অভিযান চালিয়ে আবদুল খালেক ও শ্রীপুর এলাকায় অভিযান চালিয়ে সবুজকে একটি এলজিসহ আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে চাটখিল থানায় একাধিক মামলা রয়েছে।
র্যাব সূত্র জানায়, অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে চাটখিল থানায় মামলা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাঁদের থানায় সোপর্দ করা হয়েছে।