নোয়াখালীতে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী বাজারে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। গত রোববার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন।

আহত ব্যক্তিদের মধ্যে ১৪ জনের নাম জানা গেছে। তাঁরা হলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল গণি (৪৫), যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. বেলাল (৩০), ওলামা লীগের সাধারণ সম্পাদক মো. করিম (৫২), ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম (২০), শ্রমিক লীগের নেতা মিজান (২০), জামাল উদ্দিন (৩৫), মো. হেলাল (৪৫), মো. ইব্রাহীম (৪৭), আবুল হোসেন (৪০), বাহার উদ্দিন (৩৫), আনোয়ার হোসেন (২৬), মো. এমরান (১৯), জামাল উদ্দিন (২৭) ও মো. রিপন (৩০)। তাঁদের মধ্যে ছয়জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয় সূত্রের ভাষ্যমতে, আধিপত্য বিস্তারের জের ধরে রোববার রাত সাড়ে ৯টার দিকে চরএলাহী বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল গণির ছোট ভাই মো. বাহারের সঙ্গে যুবলীগের নেতা মিজানের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে আবদুল গণি ও মিজানের পক্ষ হয়ে স্থানীয় আওয়ামী লীগের দুটি পক্ষ প্রথমে হাতাহাতি ও পরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুপক্ষের মধ্যে কয়েক দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন।

পুলিশ জানায়, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান প্রথম আলোকে বলেন, বিষয়টি স্থানীয় আওয়ামী লীগের নিজেদের মধ্যকার সমস্যা। উপজেলা পরিষদের চেয়ারম্যান বর্তমানে এলাকায় নেই। তিনি এলে দুই পক্ষকে নিয়ে বসে বিরোধের মীমাংসা করে দেওয়া হবে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুর রহমান প্রথম আলোকে বলেন, সামান্য কথা-কাটাকাটির জের ধরে আওয়ামী লীগের দুই পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, এ ঘটনায় গতকাল বিকেল পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি।