নোয়াখালীতে আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী ও মনোনয়নবঞ্চিত প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
আহত ব্যক্তিদের মধ্যে তিনজনকে গতকাল রাতে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন ইসমাইল হোসেন (৩৫), আবদুল ওহাব (৬০), মো. আবু জাহের (৫০) ও আবদুল মান্নান (৩৫)। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় লোকজনের ভাষ্য, আন্ডারচর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত মো. খুরশিদ আলমের সমর্থকেরা গতকাল বিকেল চারটার দিকে বাংলাবাজার এলাকায় প্রতিবাদ মিছিল বের করেন। এ সময় দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী হায়দারের সমর্থকদের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। পরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আলী হায়দার বলেন, মনোনয়নবঞ্চিত প্রার্থীর লোকজন বাজারে মিছিল বের করলে বাজারের ব্যবসায়ীরাই তাঁদের ধাওয়া করেন। এ নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়েছিল। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে মনোনয়নবঞ্চিত প্রার্থী মো. খুরশিদ আলমের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া ও মনোনয়নবঞ্চিত প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলা হয়েছে। এ নিয়ে উত্তেজনা দেখা দিলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।