সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী শহরের গোলাবাড়িয়া এলাকা থেকে চার ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন চৌমুহনীর পৌর হাজীপুর এলাকার আমজাদ হোসেন ওরফে সুমন (২৫), মো. রুমন (২৪), মো. রকি (২৩) ও মো. আরিফ (২৪)। রুমন জেলা জামায়াতের আমির আলাউদ্দিনের ছেলে।
বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, চৌমুহনী শহরের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডসহ নানা অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে তিনি গোলাবাড়িয়া দিঘির দক্ষিণ পাড়ের টুইন টাওয়ারে অভিযান চালিয়ে ওই চারজনকে আটক করেন।
এসআই জসিম উদ্দিন বলেন, সুমনের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা আছে।
বেগমগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাজেদুর রহমান চার ব্যক্তিকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।