নোয়াখালীতে আরও একজন গ্রেপ্তার

নোয়াখালীতে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জয়নাল আবেদিন (৭০) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এওজবালিয়া ইউনিয়নের সৈয়দপুর থেকে সন্ধ্যা পৌঁনে ছয়টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এর আগে আজ দুপুরে আমির আহমেদ ওরফে আমির আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে সুধারাম থানা-পুলিশ। আজ সোমবার দুপুরে শহরের দক্ষিণ ফকিরপুর এলাকার বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) মির্জা মোহাম্মদ হাছান। মোহাম্মদ হাছান বলেন, ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আমির আহমেদসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমির আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে।
নোয়াখালীতে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আজ সোমবার পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন।
গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া অপর তিনজন হলেন মো. আবুল কালাম, মো. ইউসুফ ও মো. আবদুল কুদ্দুস।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জাহিদ ইমাম প্রথম আলোকে বলেন, প্রথমবারের মতো কোনো মামলায় আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছিল। এঁদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তিনটি অভিযোগ আনা হয়েছে।