নোয়াখালীতে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ১০০টি ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাঁর নাম ইকবাল হোসেন (৩৮)। আজ বুধবার ভোর সাড়ে চারটার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের খালিশপুর গ্রামের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

জানতে চাইলে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক বিপ্লব কুমার মোদক। প্রথম আলোকে তিনি বলেন, ছয়ানী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে তাদের কাছে তথ্য ছিল। সেই গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর সাড়ে চারটার দিকে তিনি সংস্থার একটি দল নিয়ে ইউপি ইকবাল হোসেনের খালিশপুর গ্রামের বাড়িতে অভিযান চালান। এ সময় বসতঘর থেকে ১০০টি ইয়াবা উদ্ধার করা হয়।

সহকারী পরিচালক বিপ্লব কুমার বলেন, গ্রেপ্তারের পর ইউপি সদস্য ইকবালকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তাঁর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।