নোয়াখালীতে এক ব্যক্তি খুন
নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর এলাকায় গরুর ঘাস কাটতে গিয়ে প্রতিপক্ষের হামলায় খুন হয়েছেন মনির আহম্মদ (৪৫) নামের এক ব্যক্তি। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের শান্তিরহাট এলাকার রিকশাচালক মনির আহম্মদ তাঁর বাড়ির অদূরে মাঠে গরুর জন্য ঘাস কাটতে যান। এ সময় পার্শ্ববর্তী বাড়ির ছাকায়েত উল্যা ও তাঁর ছেলেরা মনিরকে ঘাস কাটতে বাধা দেন। এ নিয়ে ঝগড়ার একপর্যায়ে প্রতিপক্ষ লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে মনিরকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এ ঘটনার পর স্থানীয় লোকজন ছাকায়েত উল্যাকে আটক করে পিটুনি দেন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে মনিরের লাশ উদ্ধার ও আটক ছাকায়েত উল্যাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। পরে লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার।