নোয়াখালীতে কলেজছাত্র হত্যার ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ীতে কলেজছাত্র মো. আসিফ উদ্দিন ওরফে শান্ত (২১) হত্যার ঘটনার দুদিন পর থানায় মামলা হয়েছে। গতকাল রোববার আসিফের বাবা সাহাব উদ্দিন সোনাইমুড়ী থানায় এই মামলা করেন।
পুলিশ জানায়, মামলার এজাহারে আবিরপাড়া গ্রামের শাহেদ, শান্ত, তুহিন, রুবেলসহ চারজনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া আরও ১০-১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এজাহারভুক্ত আসামিরা ঘটনার পর থেকে পলাতক। এর মধ্যে শাহেদের বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি এলজি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের বটগ্রামের বাড়িতে সন্ত্রাসীরা আসিফকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় গুলিতে ও ধারালো অস্ত্রের আঘাতে আরও তিনজন আহত হন।
স্থানীয় সূত্র জানায়, আসিফের ছোট ভাই শাওনের কাছ থেকে মুঠোফোন ছিনিয়ে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে শাহেদ ও শান্ত নামের দুই ভাইকে এলাকাবাসী গণপিটুনি দেয়। এর জের ধরে ওই হামলা চালানো হয়।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।